এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই দিনে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত দশটায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, বুধবার রাত ১১টার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। এরপর ওই রাতেই হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। হামলায় অংশ নেওয়া অন্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বড়াইখালী এলাকায় মেরী ডেন্টাল কলেজ রোডে সিকদার মেডিকেল কলেজের পেছনে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কেন্দ্রীয় ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিনের দেওয়া এজাহারে অভিযোগ করা হয়, ৭০ থেকে ৮০ জন অজ্ঞাত ব্যক্তি ওয়্যারহাউজে ঢুকে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখায় এবং সার্ভার রুমের তালা ও দরজা ভেঙে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যায়। লুট হওয়া মালামালের মূল্য ৩১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়। এতে আরও অভিযোগ করা হয়, সাইফুল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় হামলা ও হুমকির ঘটনা ঘটে বলে দাবি প্রতিষ্ঠানের। ঘটনার পর বুধবার রাতে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।

