‘মামলা না তুললে লাশ ফেলে দেব’, এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হুমকি
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগের বড়ইখালীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফোনে তাকে বলা হয়, ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’
শনিবারের (২৪ অক্টোবর) মধ্যে সমঝোতা না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ব্যবহৃত মুঠোফোন নম্বরের সিমের নিবন্ধন হবিগঞ্জের চুনারুঘাটের একটি চা-বাগানের এক নারী শ্রমিকের নামে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিমটি নেওয়ার তথ্য পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনের মুঠোফোনে কল করে তাকে হুমকি দেওয়া হয়। ফোনে তাকে এক দিনের সময় দেওয়া হয়। আজ শনিবারের মধ্যে থানায় করা মামলা তুলে না নিলে তার লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, তিনি মামলার বাদীর সঙ্গে কথা বলেছেন। বাদীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে একটি নম্বর থেকে তাকে ফোন করা হয়। ওই নম্বর থেকে এক দিনের সময় দিয়ে শনিবারের মধ্যে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেওয়া হয়।
ওসি মোশাররফ হোসেন বলেন, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করা হয়েছে। সিমটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধরমনাথ সুরমা চা-বাগানের ৯ নম্বর বস্তির এক নারী শ্রমিকের নামে নিবন্ধিত। ওই নারী একজন হিন্দু চা-শ্রমিক এবং অত্যন্ত দরিদ্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তে ধারণা করা হচ্ছে, ভুয়া এনআইডি ব্যবহার করে সিমটি নিয়ে ওই নম্বর থেকে ফোন করা হয়েছে।
ওসি আরও বলেন, বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের একটি অডিও তাকে (ওসি) পাঠানো হয়েছে। অডিওটি যাচাই করা হচ্ছে। হুমকির ঘটনাটিও মামলার তদন্তের আওতায় আনা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে বাকি তদন্ত কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ছয়টায় রাজধানীর হাজারীবাগের বড়ইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার বাদীকে এবার মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

-6adc52545923e.webp)