গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোহাম্মদপুরে বৃক্ষরোপণ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:৪৩ এএম
(ছবির ক্যাপশন: গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে লালমাটিয়া গার্লস স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপণ করছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।)
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরে স্কুল ও কলেজে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
রোববার (২০ জুলাই) লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও নূরজাহান মেমোরিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আব্দুস সালাম বলেন, গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারকে উৎখাতে যারা শহীদ হয়েছে। তাদের ঋণ আমরা শোধ করতে পারব না। তারা আমাদের দেখিয়ে দিয়ে গেছে কিভাবে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে হয়। আমরা তাদের স্মরণে বৃক্ষরোপণ করেছি। এ বৃক্ষ আমাদেরকে অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের কথা স্মরণ করিয়ে দেবে।
তিনি আরও বলেন, আমাদের সকলকে প্রতিদিন অন্তত একটা করে গাছ লাগানো উচিত। যে যেখানে জায়গা পাবে সেখানেই একটি করে গাছ লাগাবে। এতে আমাদের প্রকৃতির জন্য যেমন ভালো হবে। তেমনি আমাদের দেশের আবহাওয়ার ভারসাম্য রক্ষা করবে। আমরা চাই, আমাদের শিশুরা প্রতিটি স্কুল থেকে প্রকৃতির জন্য এমন ভালোবাসা শিক্ষা নিবে। তাহলে আমাদের দেশে জীববৈচিত্র্য যেমন বাড়বে তেমনি, একটি সবুজ শ্যামল দেশ আমরা দেখতে পাবো। আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারা এ বাংলাদেশকে যেভাবে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে। তেমনি তারা বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রকৃতিকে রক্ষা করবে।
এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের মাঠে বৃক্ষরোপণ করেন তিনি। এছাড়াও, লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুনা লায়লা সহ শিক্ষক ও অভিভাবকরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
