‘সরকারের অবহেলায় আমার ভাই মারা গেল, তার পরিবারে দায়িত্ব কে নেবে’
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারি ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে নিহত হয়েছেন আবুল কালাম (৩৫) নামের এক তরুণ ব্যবসায়ী। মৃত্যুর কিছুক্ষণ আগে কালাম কথা বলেন তার ভাবির সঙ্গে।
আবুল কালামের (৩৫) মেজো ভাবি আছমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুপুর ১২টার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে বলছিল- দুই-এক দিনের মধ্যে বাড়িতে আসবে, আর আমাকে ইলিশ মাছ কিনে রাখতে বলেছিল। আমার ভাই আর এলো না…।’
আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মেট্রোরেলের ওপর থেকে ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায় এবং তা আবুল কালামের মাথায় আঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।
পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।
নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয়। সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল। এখন তার পরিবারে দায়-দায়িত্ব কে নেবে?
