ঘরের ভেতর আটকা দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদরপুরে ঘরের দরজার লক হয়ে ভেতরে আটকা পড়েছিল সাড়ে তিন বছর ও দেড় বছরের দুই শিশু। অবশেষে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন পেয়ে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বুধবার (৩ ডিসেম্বর) ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার বিকালে সদরপুর উপজেলার খালাসীডাঙ্গি বাবুরচর এলাকায় একজন ৯৯৯-এ ফোন করে জানান, স্টিলের তৈরি দরজা লক হয়ে যাওয়ায় দুটি শিশু ঘরের ভেতরে আটকা পড়ে কান্নাকাটি করছে। শক্ত দরজাটি পরিবারের পক্ষে ভাঙা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিক সহায়তা চান তারা।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার কলটি গ্রহণ করে সঙ্গে সঙ্গে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের জানালা ভেঙে নিরাপদে শিশু দুজনকে উদ্ধার করেন। এর ফলে পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং ৯৯৯ সেবাদাতা ও ফায়ার সার্ভিস সদস্যদের ধন্যবাদ জানান।
উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।
