১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১২৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০ এর একটি টিম। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিসহ একজনকে আটক করা হয়েছে।
উদ্ধার মূর্তিটির মূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। অভিযানে বুড়াইচ মধ্যপাড়া নিবাসী আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
এ সময় মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করে র্যাব। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এমন একটি মূল্যবান প্রত্নসম্পদ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনা হলে দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
