Logo
Logo
×
   

সারাদেশ

চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ৩০

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে বিএনপির নির্বাচনি জনসভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভাতশালা গ্রামে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনি জনসভা চলছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি জনসভায় উপস্থিত হতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। তা একপর্যায়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .