দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
নিহত শফিউল আলম লেদাপুতু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম লেদাপুতু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ আব্দুর রহিম তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে শফিউল আলম লেদাপুতুর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অভিযোগ আছে, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন নামের এক ডাকাতের সহযোগী। শাহীন গ্রেফতার হওয়ার পর থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম বেপরোয়া হয়ে উঠে, বর্তমানে আব্দুর রহিম বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছেন, লেদাপুতু এলাকার সাহসী এক যুবক ছিলেন, স্থানীয় সন্ত্রাসীদের আতঙ্ক ছিলেন। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-697474cd66b57.jpg)