Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের সামনে সহকারী শিক্ষককে মারধর আরেক শিক্ষকের

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

শিক্ষার্থীদের সামনে সহকারী শিক্ষককে মারধর আরেক শিক্ষকের

স্বরূপকাঠির দক্ষিণ কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল হোসেনকে শিক্ষার্থীদের সামনেই মারধর করেছেন তারই সহকর্মী মো. জাহিদ হাসান।

সোমবার সকালে বিদ্যালয়ের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলার সময় এ মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. বেলাল হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন তার অভিযোগে জানান, বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের অংশ হিসেবে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলাকালে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান এক শিক্ষার্থীর রোল নাম্বার দেখতে বলেন। বেলাল রোল নাম্বার দেখতে কিছুটা বিলম্ব করায় জাহিদ হাসান উত্তেজিত হয়ে তাকে কিল-ঘুসি মেরে আহত করেন। এ সময় অন্য শিক্ষকরা জাহিদকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

সহকারী শিক্ষক জাহিদ হাসান এলাকার প্রভাবশালী হওয়ায়   মারধরের ঘটনা দেখেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক বেলাল হোসেন। 

অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান বলেন, লাইব্রেরিতে বসে শিক্ষক বেলালকে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার জন্য শিক্ষার্থী আনিসার রোল নম্বর দেখতে বললে তিনি তার ওপর চড়াও হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম