শাবলের আঘাতে কৃষক দলের সাবেক নেতা নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল ফোন চুরির ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। ভাতিজার সঙ্গে মোবাইল ফোন চুরি নিয়ে শনিবার কথা কাটাকাটির পর রাত ৯টার দিকে ভাতিজার শাবলের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত হেলাল উদ্দিন (৫৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি চাঁদপুর ইউনিয়নের কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল।
গাজীপুর জেলা কৃষক দল সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নিলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, শনিবার রাতে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে শনিবার তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
