Logo
Logo
×

সারাদেশ

কৃষক দল নেতা হেলাল হত্যার প্রধান আসামি গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

কৃষক দল নেতা হেলাল হত্যার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তের হামলায় সাবেক কৃষক দল নেতা হেলাল উদ্দিন (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।

সোমবার দুপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হানিফ ব্যাপারীকান্দি এলাকা থেকে জাহিদ হাসান (২২) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের ছেলে।

মৃত হেলাল উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টার দিকে ভিকটিম হেলাল উদ্দিন কোটবাজালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আসামি জাহিদ হাসানসহ তার চার সহযোগী ভিকটিমকে স্থানীয় মাহবুব আলমের লিচু বাগানের সামনে রাস্তার উপর তার পথরোধ করে। পরে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ভিকটিম মাটিতে পড়ে গেলে প্রধান আসামি জাহিদ হাসান ভিকটিমের মাথায় শাবল দিয়ে বারি মেরে মারাত্মক জখম করে।

ভিকটিমের চিৎকার শুনে স্ত্রী রোজিফা খাতুনসহ স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে ধানমন্ডি সুপারম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৮ মাদারীপুরের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আসামিকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়।

কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম ওই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম