নিজানের বিরুদ্ধে জেএসডির অভিযোগের প্রতিবাদ জেলা বিএনপির
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে জেএসডির করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপি নেতারা দাবি করেছেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ১৯৮৬ সালে জীতেন্দ্র পাটওয়ারীকে হত্যা এবং ২২ জনকে গুলিবিদ্ধ করে ভোট ডাকাতির মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছিলেন।
শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, রামগতি-কমলনগর আসনের ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বয়ারচর এলাকার ডাকাত বাহিনীর সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিশেষ করে ফরিদ মেম্বারকে 'ডাকাত' আখ্যা দিয়ে তিনি নিজানের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদত দেওয়ার অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে জেএসডি নেতার এমন বক্তব্যের পরপরই লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে একটি কড়া প্রতিবাদ লিপি পাঠানো হয়। জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দীন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়- জেএসডি নেতৃবৃন্দের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আশরাফ উদ্দিন নিজান ইতোপূর্বে আ স ম রবের মতো জাতীয় নেতাকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যারা আজ সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার কথা বলছেন, তাদের নেতা আ স ম রব ১৯৮৬ সালে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের মাধ্যমে সংসদ সদস্য হয়েছিলেন। তারা বলেন, জনগণ ভুলে যায়নি যে আ স ম রব জীতেন্দ্র পাটওয়ারীকে হত্যা ও ২২ জনকে গুলিবিদ্ধ করে আসনটি দখল করেছিলেন।
সংবাদ সম্মেলনে ফরিদ মেম্বারকে ডাকাত আখ্যা দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফরিদ একজন নির্বাচিত মেম্বার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা থাকা অস্বাভাবিক নয়, কিন্তু তাকে ডাকাত আখ্যা দেওয়া জেএসডির হীন মানসিকতার পরিচয়।
এদিকে আসন্ন ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ আসনের এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিবৃতিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপি দাবি করেছে, ধানের শীষের বিজয় নিশ্চিত জেনেই জেএসডি শেষ মুহূর্তে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে ব্যালটের মাধ্যমেই সকল অপপ্রচারের জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
