বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে পটুয়াখালীর ২৫ স্থানে ঈদ উদযাপন
Advertisement
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বৈশ্বিকভাবে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের আরবি তারিখের সঙ্গে মিল রেখে অন্তত ২৫টি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফসহ বিভিন্ন এলাকায় সকালেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি ও পায়েস বিতরণ করা হয়।
বদরপুর দাওয়াতুল ইসলাম কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের কিছু গ্রামবাসী পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তাদের বিশ্বাস, সমগ্র মুসলিম উম্মাহ এক চাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী রোজা, ঈদ ও কুরবানিসহ সব ধর্মীয় কার্যক্রম পালন করা উচিত।
এ বছর পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালী, ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুড়তলি, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী, গলাচিপার ছোটবাইশদিয়া ও রাঙ্গাবালী কাটাখালীসহ বিভিন্ন এলাকার মানুষ এ ঈদ উদযাপনে অংশ নেন।
