স্বামীর দাবি ধর্ষণ, স্ত্রীর দাবি মিথ্যা অভিযোগ
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে স্ত্রীর দায়ের করা মামলা থেকে বাঁচতে কৃষক দল কর্মীকে জড়িয়ে ফ্যামিলি কার্ডের কথা বলে টমটমচালক কামাল উদ্দিন মিথ্যা ধর্ষণের অভিযোগ করেছেন- এমনটাই দাবি করেছেন এলাকাবাসী তিন সন্তানের জননী।
ওই নারী দাবি করেন, ফ্যামিলি কার্ডও চিনি না, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই কৃষক দল কর্মী সেন্টুকেও চিনি না। স্বামীর কাছে পাওনা টাকা চাওয়ায় শারীরিক নির্যাতনের মামলা দেওয়ায় তাকে ধর্ষণের অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন কামাল।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং এলাকাবাসীর মাঝে পক্ষে-বিপক্ষে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের রমজান আলী মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কামাল উদ্দিনের সঙ্গে ২০০৯ সালে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ওই নারীর বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। মেয়ের সুখের কথা চিন্তা করে তার পিতার পরিবার কামালকে বিদেশে পাঠান। সেখানে কয়েক বছর থেকে কামাল দেশে ফিরে আসেন। সন্তানদের কথা চিন্তা করে ওই নারী তার ভাই ও বোন থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ধার এনে স্বামীকে একটি টমটম কিনে দেন। গত কয়েক মাস আগে স্বামীর কাছে টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একাধিকবার সালিশও হয়।
গত ৫ এপ্রিল রোববার রাত ৮টার দিকে তার বোন ও ভাই কামালের কাছে টাকা চাইতে গেলে ওই নারীকে পেটান কামাল। তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে ওই নারী বাদী হয়ে কামালের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে মামলা থেকে বাঁচতে কামাল নাটকীয়ভাবে নিজ স্ত্রীকে ধর্ষণ করেছেন মর্মে কৃষক দল কর্মী সেন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন। বক্তব্যটি ভাইরাল হলে বৃহস্পতিবার রাতে কারামতিয়া বাজারে সংবাদ সম্মেলন করেন কৃষক দল কর্মী সেন্টু, ওই নারী ও তার ভাই। তারা কামালের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কামাল বক্তব্য দিয়েছেন- ধর্ষণ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। তবে ৭ এপ্রিল কামালের বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে ওই মামলার কারণে ক্ষিপ্ত হয়ে তার স্বামী এমনটা অভিযোগ করেছেন।
