‘আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু রকিবুলের মা-বাবার আকুতি
Advertisement
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
শিশু রকিবুল ইসলাম। সংগৃহীত ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত সাত বছরের শিশু রকিবুল ইসলামের জীবন সংকটাপন্ন। জরুরি অস্ত্রোপচারের জন্য প্রায় সাত লাখ টাকা প্রয়োজন, যা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার দরিদ্র পরিবার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের ব্যাটারিচালিত অটোচালক মাসুদ ও গৃহিণী রাশিদার একমাত্র ছেলে রকিবুল। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মের দেড় মাসের মাথায় রকিবুলের হৃদযন্ত্রে ছিদ্র, রক্তনালীর জটিলতা ও সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যরা জানান, চার মাস আগে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে তার একটি অস্ত্রোপচার করা হয়। সে সময় রক্ত জমাট বেধে রক্তের ঘনত্ব বেড়ে যায়। ফলে অতিরিক্ত রক্ত অপসারণসহ হার্টে বেলুন প্রবেশ করানো হয়। অস্ত্রোপচারের পরও রকিবুলের অবস্থার তেমন উন্নতি হয়নি। বর্তমানে সে শ্বাসকষ্টে ভুগছে, ঠিকমতো খেতে পারে না এবং ঠান্ডা লাগলেই শরীর নীল হয়ে যায়। ঘন-ঘন সর্দি-কাশিও দেখা দিচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগস্টের মধ্যে জরুরি অস্ত্রোপচার না করলে হৃদযন্ত্রের ফুটো আরও বড় হতে পারে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে প্রায় সাত লাখ টাকা ব্যয় হবে, যা পরিস্থিতি অনুযায়ী আরও বাড়তে পারে।
রকিবুলের বাবা মাসুদ বলেন, ইতোমধ্যে ছেলের চিকিৎসার জন্য এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছি। জন্মের পর থেকেই চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এখন এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সময়ে অপারেশন না হলে ছেলেকে বাঁচানো যাবে না। তাই সমাজের বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা চাই।
কান্নাজড়িত কণ্ঠে রকিবুলের মা রাশিদা বলেন, আমার ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা চাই। আপনারা আমার সন্তানকে বাঁচান।
স্থানীয় স্বজনরা জানান, অর্থাভাবে রকিবুলের চিকিৎসা অনিশ্চয়তায় পড়েছে। দ্রুত সহায়তা না পেলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে।
এ বিষয়ে সিংগাইর উপজেলা সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তা রওশন মণ্ডল বলেন, বিশেষ কিছু রোগে আক্রান্তদের আবেদন সাপেক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে যাচাই-বাছাই করে সহায়তার চেষ্টা করা হবে।

