Logo
Logo
×
   

সারাদেশ

মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

অভিযানে ডাসার উপজেলার ধুয়াশার বাজার এলাকার ব্যবসায়ী বাচ্চু সরদারের বসতঘরের গুদাম থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ছবি: যুগান্তর

মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘটনায় ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারি পরিচালক সুচন্দ মন্ডল।

অভিযান সূত্রে জানা গেছে, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজার এলাকার ব্যবসায়ী বাচ্চু সরদারের বসতঘরের গুদাম থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সোমবারের মধ্যে জব্দ করা তেল বাজারে ছাড়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল বলেন, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল।  এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .