Logo
Logo
×
   

সারাদেশ

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার খাতা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার খাতা

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার খাতা

নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডিল খাতা। পরে ওই খাতাগুলো জমা দেওয়া হয় শিবপুর মডেল থানায়।

বুধবার (২৯ এপ্রিল) সকালে শিবপুর থানার এসআই মাসুদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন রাস্তার পাশে তিন বান্ডিল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম নামে এক যুবক। পরে ওই যুবক খাতাগুলো তুলে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে পরের দিন অর্থাৎ সোমবার তার বাড়ির পাশের এক ভাইকে দেখালে খাতাগুলো এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত হন। পরে থানায় যোগাযোগ করে রাহিম খাতাগুলো থানায় জমা দেন।

রাহিম বলেন, বাড়ি আসার পথে বিকালে রাস্তার পাশে বান্ডিল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শে আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দেই। 

এ বিষয়ে শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান বলেন, খাতাগুলো রাহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর ইউএনওকে জানাই। পরে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেই। সিলগালা করা তিন প্যাকেট এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার ২৬৮টি খাতা ছিল।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, খবর পেয়ে থানায় গিয়েছি। খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাক পিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। খাতাগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .