ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২০
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) পক্ষের জুবায়ের এবং বাদৈর বাড়ী (বড় গোষ্ঠী) পক্ষের জয়নাল মিয়ার মধ্যে একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিলেন। পরে স্থানীয় গ্রাম্য সালিশে চার দিন আগে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এর জের ধরে রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
