মাদ্রাসায় শিশুকে পিটিয়ে জখম, কক্ষে আটকে রাখার অভিযোগ
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর নগরীর বারো আউলিয়া কওমি মাদ্রাসায় হুজুরের দেওয়া পড়া মুখস্থ করে বলতে না পারায় ১০ বছরের শিক্ষার্থী সোহাইবুর রহমানকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, নির্যাতনের পর শিশুটিকে সারা দিন ক্ষুধার্ত অবস্থায় একটি কক্ষে আটকে রাখা হয়।
পরে সুযোগ পেয়ে মাদ্রাসা থেকে নির্যাতনের শিকার শিশুটি পালিয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জে নিজ বাড়িতে ফিরে আসে।
গুরুতর অবস্থায় বর্তমানে শিশুটি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে নির্যাতনের ঘটনার প্রায় ১২ ঘণ্টা সেখানে আটক থাকার পরও ক্ষতচিহ্নগুলো স্পষ্ট ছিল।
নির্যাতনের শিকার সোহাইবুর রহমান রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট মাটিয়াপাড়া গ্রামের নাজিমুল ইসলামের ছেলে। সে রংপুর মহানগরীর মডার্ন এলাকার বারো আউলিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সোহাইবুর রহমানকে মাদ্রাসাটিতে ভর্তি করা হয়। গত শনিবার সকালে হুজুরের দেয়া নির্ধারিত বিষয়ে মুখস্থ পড়া দিতে না পারার অভিযোগে মাদ্রাসার হুজুর নাজমুল হুদা তাকে বেত দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে শিশুটি প্রাণভয়ে ক্ষমা চেয়ে মারধর বন্ধ করার অনুরোধ করলে হুজুরের মারধরের মাত্রা আরও বেড়ে যায়। এতে তার পিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন তৈরি হয় ও অস্বাভাবিকভাবে ফুলে যায়।
অভিযোগ রয়েছে, মারধরের পর শিশুটিকে শাস্তি হিসেবে একটি কক্ষে সারা দিন অনাহারে আটকে রাখা হয়। পরে মাগরিবের নামাজের সময় কক্ষের দরজা খোলা দেখে সে সেখান থেকে বের হয়ে পালিয়ে যায়। বিভিন্ন হাতে টাকা পয়সা না থাকায় বিভিন্ন যানবাহনে তার নির্যাতনের কথা বলে অনুরোধ করে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে বদরগঞ্জের নিজ বাড়িতে পৌঁছায় সে। পরে পরিবারের সদস্যরা অবস্থা বেগতিক দেখে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
শনিবার গভীর রাতে হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটি চিকিৎসাধীন অবস্থায় আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে তাই তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
সোহাইবুর রহমান জানিয়েছে, পড়া দিতে না পারায় হুজুর আমাকে বেত দিয়ে মারতে থাকেন। আমি অনেক কাকুতি-মিনতি করলেও তিনি থামেননি। পরে আমাকে আরও শাস্তি হিসেবে একটি রুমে সারাদিন খেতে না দিয়ে আটকে রাখেন হুজুর। নামাজের সময় সুযোগ পেয়ে আমি পালিয়ে বাড়িতে চলে আসি। ওই হুজুর প্রায় সময় ছাত্রদের দিয়ে শরীর টিপে নেয়। হুজুর খুবই বদ মেজাজি-খারাপ বলে নির্যাতনের শিশুটি জানায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শয়ন মিয়া বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পরও ক্ষতচিহ্নগুলো স্পষ্ট ছিল। শারীরিক আঘাতের পাশাপাশি সে মানসিকভাবেও আতঙ্কিত হয়ে পড়েছে। তার এখন মানসিক চিকিৎসা জরুরী হয়ে পড়েছে। এ কারণে সে অপরিচিত লোকজন দেখলে আতঙ্কিত হয়ে পড়ছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির বাবা নাজিমুল বলেন, মাদ্রাসার বড় হুজুর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে আমাকে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারো আউলিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসার মোহতামিম (প্রধান) নাজমুল হক বলেন, এ ঘটনাটি জানার পর অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুটির খোঁজ নিতে আমরা তার বাড়ি ও হাসপাতালে গিয়েছি। তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত শিক্ষক নাজমুল হুদার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনের অপরপ্রান্তে তার বড়ভাই পরিচয় নিয়ে কথা বললেও তিনি নাম বলেননি।
