হত্যার হুমকি দিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালীগঞ্জে হত্যার হুমকি দিয়ে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে প্রতিবেশী চাচাতো ভাই হানিফ দেওয়ান হানিফা। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
বিষয়টি জানাজানি হলে মজিদ দেওয়ানের পুত্র অভিযুক্ত হানিফ দেওয়ান হানিফা (৪০) এলাকা ছেড়ে পালিয়ে যায়। তিনি ৩ সন্তানের জনক।
নির্যাতনের শিকার শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ভিকটিমের পরিবার জানায়, তার মা সেলাই (দর্জি) কাজ করেন। কিছুদিন পূর্বে হানিফার স্ত্রী নাজনীন আক্তারের কিছু জামাকাপড় সেলাই করে তার শিশু কন্যাকে দিয়ে হানিফার বাড়িতে পাঠান। বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফা শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য পুনরায় হত্যার হুমকি ও হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। গত চার দিন পূর্বে একই কায়দায় হানিফা শিশুটিকে পুনরায় ধর্ষণ করে।
এদিকে দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ৬ জুলাই রাতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা বলে দেয়। ৭ জুলাই সকালে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
