Logo
Logo
×
   

সারাদেশ

বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কানে জখমের অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

সোমবার (১৩ জুলাই) বিকালে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে জখম রয়েছে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন জানান।

তিনি জানান, সাখাওয়াত হোসেন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে একটি গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করি। বিকালে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে ৪ জন লোক মোটরসাইকেলে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে দীর্ঘ ১ ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন লোক কিল-ঘুসি ও চড়থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম তা বলেই তার লোকজনসহ কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা মহিউদ্দিন বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।

পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .