Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চাঁদা না দেওয়ায়

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বাগমারা থানা

Advertisement

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে পিটিয়ে জখম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের তিন নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে ভুক্তভোগী আসাদুল ইসলাম নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি (সাবেক ছাত্রলীগ নেতা) পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন, মোশারফ হোসেন, আল সাদিক, বাদল মোল্লা, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ও প্রদীপ কুমারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই রাত ১০টার দিকে গোয়ালকান্দি বাজারে ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন যুবদল নেতা আসাদুল ইসলাম। এ সময় ছাত্রদল নেতা পারভেজ, সুমন ও শাহীন আলম ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে আসাদুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই (ডিশ ও ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দিতে আসাদুলের ওপর চাপ সৃষ্টি করা হয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পারভেজ, সুমন ও শাহীন আলমসহ অন্য আসামিরা লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসাদুলকে পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা আসাদুলের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ৬৫ হাজার ২৫০ টাকা লুট করে নিয়ে যায় এবং ডিশ ও ইন্টারনেট সরবরাহ করা কন্ট্রোল রুমের মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতি করে বলে মামলায় দাবি করা হয়েছে।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম