গণপূর্ত প্রতিমন্ত্রী
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে, কোনোভাবেই সেই লক্ষ্য ব্যর্থ হতে দেওয়া হবে না। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। মানুষের অধিকার বঞ্চিত করে কেড়ে নেওয়া হয়েছিল বাকস্বাধীনতা।
তিনি দাবি করেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। বর্তমান সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তবে একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি দপ্তরসহ সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অপরাধের কোনো তথ্য থাকলে থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা প্রয়োজনে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নেছারাবাদে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্টদের দুর্নীতিমুক্ত থেকে গুণগতমান বজায় রেখে উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।
