Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরসহ ৬৪ আলেমের মতবিনিময়, ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরসহ ৬৪ আলেমের মতবিনিময়, ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগরে অবস্থিত জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

Advertisement

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশের ৬৪ আলেমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর স্বাক্ষরে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগরে অবস্থিত জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের বিভিন্ন আলেমের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ শেষ হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমীসহ অন্যরা।

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা একাধিকবার সভাস্থল পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম বলেন, চট্টগ্রামের কয়েকটি ভেন্যুতে প্রধানমন্ত্রী আসবেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। ভেন্যু ও সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আড়াই থেকে তিন হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমাদের প্রস্তুতি শেষ। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিভাগে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে।

নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন শেষে সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর কাছে ফটিকছড়ির মানুষের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরব। এর মধ্যে সরকারি কলেজ স্থাপন, গ্যাস সংযোগের ব্যবস্থা করা এবং ফটিকছড়িকে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার বিষয়টি বিশেষভাবে থাকবে।

ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রী মীর মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের কয়েকটি স্থানে যাবেন। হেফাজত আমিরের সঙ্গে মতবিনিময় করবেন। হাটহাজারীতে বন্যার্তদের ঘর উপহার দেবেন। বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালীতেও তার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে চট্টগ্রাম প্রস্তুত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম