মহাবিপর্যয়ের মধ্যে আছি, প্রকৃতিই আমাদের রক্ষা করবে: শিরীন সুলতানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম
রাজাদী চিনিশপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট শিরীন সুলতানা
|
ফলো করুন |
|
|---|---|
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেন, বৈশ্বিক বিপর্যয় সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। বারবার ভূমিকম্প হচ্ছে, এমনকি কয়েকটি ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আমরা একদম মহাবিপর্যয়ের মধ্যে আছি। সেই কারণে আমরা মনে করি, আমাদের এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে প্রকৃতি।
তিনি বলেন, প্রকৃতি যেমন বিপর্যয়, প্রকৃতিই আমাদের রক্ষা করবে। সে কারণে আমাদের বৃক্ষরোপণ করা, প্রকৃতিকে সবুজ করে রাখা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা খুবই প্রয়োজন। এ কারণে আমরা বৃক্ষরোপণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের বর্তমান সরকার পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগাবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজাদী চিনিশপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরীন সুলতানা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নরসিংদী সদরের প্রায় ৪শর উপরে আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটা কিন্তু কম কথা নয়। তাই আমি মনে করি, এই বাচ্চাদের উৎসাহিত করতে হবে। তাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এবার বৃত্তি পায়নি, তাদের আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। এই যে এতগুলো বাচ্চা বৃত্তি পেয়েছে, এতে আমি মনে করি শিক্ষক-শিক্ষিকাদের সবচেয়ে বড় অবদান; তারপর পরিবারের অবদান।
এ সময় জেলা বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক ও চিনিসপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজাদী চিনিশপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সহ প্রকাশক সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ দপ্তর সম্পাদক তানজিল হোসেন ভুঁইয়া। পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
