নিজেই রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ করলেন এমপি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ ও শ্রম কমানোর উদ্যোগ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমনের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ব্যতিক্রমী এ কর্মসূচিতে নিজেই রাইস ট্রান্সপ্লান্টারের চালকের আসনে বসে আমন চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।
রোববার (৯ আগস্ট) দুপুরে জেলার পূর্বধলা উপজেলা সদরের সিজকান্দি এলাকায় ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাছুম মোস্তফা।
এমপি মাছুম মোস্তফা বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে রাইস ট্রান্সপ্লান্টারের মতো আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। এতে কৃষকদের শ্রম ও উৎপাদন খরচ কমবে। পাশাপাশি কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়লে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নেও ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা কৃষি উপ-সহকারী মো. আশরাফুল আলম, জাহিদ ইকবাল সিজারসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক, স্থানীয় জামায়াতের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

