Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বন্ধ দুই পোশাক কারখানার শ্রমিকরা।

Advertisement

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বন্ধ দুই পোশাক কারখানার শ্রমিকরা। ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে মালিকপক্ষ বলছে, শ্রম অধিদপ্তরে মামলা করা হয়েছে। সে কারণে পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, আশুলিয়ার শিমুলতলায় অবস্থিত ইনজেনিটেক্স বিডি লিমিটেড এবং জিরাবোর কাঠগড়ায় অবস্থিত ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেড গত এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়। কারখানা দুটি বন্ধ হওয়ার পর শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হলেও অধিকাংশ শ্রমিক এখনো তাদের পাওনা বুঝে পাননি।  

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা জানালে শ্রমিকদের পাওনা কিছুটা কমিয়ে হলেও একসঙ্গে পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেটিও বাস্তবায়ন করা হয়নি।

এ ব্যাপারে ইনজেনিটেক্স বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুর ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, বন্ধ প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা একই। কিছু শ্রমিকের পাওনা পরিশোধ করা হলেও অধিকাংশ শ্রমিকের পাওনা এখনো বকেয়া রয়েছে। আমরা মালিকপক্ষকে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য চাপ দিচ্ছি। তারা বলছেন, বিষয়টি নিয়ে শ্রমিকদের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরে মামলা করা হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, মালিকপক্ষ তা মেনে নেবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম