বগুড়ায় নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হলো বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারীদের জন্য দুটি বাস চলবে জেলার শেরপুর মোকামতলা রুটে। বাস দুটির চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। সরকারের এমন উদ্যোগে খুশি নারীরা।
বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে মঙ্গলবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি সূত্র জানায়, গণপরিবহণ হবে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। পাশাপাশি পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, বিআরটিসির প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে গোলাপী রঙে যেমন ভিন্নতা তেমনি পরিচালনায়ও ভিন্নতা। ৪৫ সিটের এ বাসে নারী যাত্রী, নারী চালক ও নারী কন্ডাক্টর থাকছে। মঙ্গলবার থেকে বগুড়ায় দুটি বাস শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। বাসগুলো পরবর্তীতে শহরের মধ্য দিয়ে চলাচল করবে বলে জানান তিনি।
