ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে প্রায় ৭০টি আদালতে অঘোষিতভাবে কাজ করছেন ৩ শতাধিক উমেদার! আদালতের নথি সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী, পেশকার, সেঁরেস্তাদারদের অধীনে থাকা উমেদারদের অনেকে বিচারপ্রার্থীদের হয়রানি করেন বলে অভিযোগ আছে। কিছু কিছু উমেদার রয়েছেন; যারা ১৫-২০ বছর ধরে একেকটি আদালতে কাজ করছেন। বিচারপ্রার্থীদের জিম্মি করে টাকা আদায় করে বিপুল-অর্থবিত্তের মালিক বনেছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন অনেক উমেদার রয়েছেন- সকাল থেকে রাত অবধি গাধার মতো খাটিয়ে নামেমাত্র টাকা ধরিয়ে দেওয়া হয় তাদের হাতে। চাকরির বাজারের এই সংকটে ‘পেটে-ভাতে’ থাকতে হচ্ছে তাদের।
সংশ্লিষ্টরা বলছেন, আদালতে লোকবল সংকটের কারণে উমেদারদের মাধ্যমে কাজ করানোর রীতি দীর্ঘদিনের। যেভাবে দিনে দিনে আদালত বেড়েছে, মামলা বেড়েছে- ঠিক সেভাবে কর্মচারির সংখ্যা বাড়েনি। তাই বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার মানসে অঘোষিতভাবে উমেদারদের দিয়ে কাজ করানো হয়।
কিন্তু নিয়োগ বা বৈধতা না থাকার কারণে তাদের কোনো জবাবদিহিতা নেই। কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ থাকে না। তাছাড়া উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী, বিচারপ্রার্থীসহ আদালত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র।
তবে চট্টগ্রাম জেলা জজশিপের প্রশাসনকি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন যুগান্তরকে বলেন, জেলার আদালতগুলোতে বর্তমানে কর্মচারি সংকট নেই। তাই উমেদারের প্রয়োজনীয়তাও নেই। তবে কোনো আদালতে উমেদার কাজ করলেও তা আমাদের নলেজের বাইরে।
মহানগর জজ শিপের প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত যুগান্তরকে বলেন, উমেদারদের নিয়ে সুবিধা-অসুবিধা দুটোই আছে। লোকবল সংকটের কারণে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বা পেশকাররা নিজেদের সুবিধার্থে তাদের দিয়ে কাজ করান। এতে বিচারপ্রার্থীরাও দ্রুত সেবা পেয়ে থাকেন। তবে কোনো কোনো ক্ষেত্রে তাদের দ্বারা যে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন না- সেটাও বলা যাবে না। এই সীমাবদ্ধতা ও সংকট চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পারিবারিক আদালত, পরিবেশ আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতের অধীনে নগরী ও জেলায় ৭০টির মতো আদালত রয়েছে। এসব আদালতের অধীনে রয়েছে ৩ শতাধিক উমেদার। তারা মূলত সংশ্লিষ্ট আদালতের পেশকার, সেরেঁস্তাদার, বেঞ্চসহকারিদের কাজে সহায়তা প্রদান করে থাকেন। মামলার নথি সংরক্ষণ, বিচারপ্রার্থীদের তারিখ প্রদান করা, সমন ও ওয়ারেন্ট পাঠানোর প্রসেসিংসহ নানা কাজ করে থাকেন তারা। অভিযোগ আছে, অনেক উমেদার আছেন ১৫-২০ বছর ধরে কাজ করার কারণে তাদের আদালতের নিয়মিত কর্মচারীই মনে করেন অনেকে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু উমেদারার বিচারপ্রার্থীদের জিম্মি করে টাকা নেন। আবার তাদের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার নথি গায়েব করে ফেলা, নথি টেম্পারিং করা, হারিয়ে যাওয়া নথি ঘষা-মাজা করে পরিবর্তন করাসহ বিচারিক গোপনীয়তা ফাঁস করেন কেউ কেউ। এই অবস্থায় বহিরাগত ও অননুমোদিত এসব উমেদার অনেক সময় ঝুঁকি বাড়াচ্ছেন বিচারপ্রার্থীদের।
জানা গেছে, পটিয়া ১ম সিনিয়র সিভিল জাজ আদালতে উমেদার হিসেবে নূর উদ্দিন। ১ম যুগ্ম জজ আদালত, চট্টগ্রামে শংকর, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মিন্টু এবং পরিবেশ আদালতে পিন্টু উমেদার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। এই তিনজন আবার সহোদর। ২য় যুগ্ম জজ আদালতে মো. আরিফ, মহিউদ্দিন, ৩য় যুগ্ম জজ আদালতে করিম, ৩য় সহকারীর জজ আদালতের শহীদ, ৫ম সহকারী জজ আদালতের মাকসুদ ও মো. আজাদ, মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম এ শিবু উমেদার হিসেবে কর্মরত আছেন। এদের বিরুদ্ধে বিচারপ্রার্থীদের হয়রানির অভিযোগ আছে। এদের প্রত্যেকে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২০-২৫ বছর বছর ধরে কর্মরত রয়েছেন।
এছাড়া বিভিন্ন আদালতে কর্মরত আরও যেসব উমেদারের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন: সমীর, আবদুল হক, শান্তিপদ, আরিফ, জনি, মাঈনুদ্দিন, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, খসরু, অনিক, রূপম, লিটন, টিপু, শাহাদাত, বাবুল, ইলিয়াছ, মহিউদ্দিন, নাছির, তুহিন, আবদুস সাত্তার, করিমন, তালেব, মাঈনুল, জিহান, বাবুল, ফজল, মনি, জুহি, ছোটন, মহিউদ্দিন, শহীদ, জিয়া, নেপাল, মাকছুদ, আজাদ খান, রাসেল, শাহ আলম, শহীদ, সজল, উজ্জ্বল, পারভেজ, ইমন, আলম, সাকিব, রাকিব, নয়ন, শওকত, সিদ্দিক, জনি, উত্তম, তপন প্রমুখ।
বহিরাগত উমেদার প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার যুগান্তরকে বলেন, চট্টগ্রামের প্রায় প্রতিটি আদালতে একজন পেশকারের অধীনে একাধিক উমেদার রয়েছেন। লোকবল সংকটের কারণেই এদের রাখা হয়েছে। মামলার যে জট তাতে দেখা যায় একজনের পক্ষে একটি আদালতে মামলার নথি লেখা থেকে শুরু করে সার্বিক প্রসেস করা সম্ভব হয় না। তাই লোকবল সংকট নিরসন করাই উমেদার অপসারণের একমাত্র পথ। তাছাড়া অবৈধ উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের একটি নির্দেশনাও ছিল।
চট্টগ্রামী নারী ও শশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-৭-এর পিপি অ্যাডভোকেট শফিউল মোরশেদ চৌধুরী যুগান্তরকে বলেন, উমেদাররা কোর্টে কাজ করেন ঠিকই; কিন্তু অনেক উমেদার মামলার রেকর্ড নিয়ে বিচারপ্রার্থীদের জিম্মি করে অকাজটাই বেশি করেন। এদের দ্বারা সেবার চেয়ে ঝুঁকিটাই বেশি থাকে। এ বিষয়ে সরকারের ভাবা উচিৎ।
