চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় সাজ্জাদ হোসেন মাসুম নামে এক যুবককে হত্যার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম আবুল হোসেন আজম। তিনি মাসুম হত্যা মামলার এজাহারনামীয় ৫নং আসামি।
শনিবার (২১ নভেম্বর) এসআরবি-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এসআরবি-৭ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলীর একেখাঁন মোড়ের জাকির হোসেন রোড এলাকায় সিএনজিচালক শাহাদাত হোসেনের কাছে একদল দুর্বৃত্তরা এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ছুরিকাঘাত করে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বন্ধু শাহাদাতকে আহত দেখে এগিয়ে যান মাসুম। তিনি চাঁদাবাজির প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মাসুমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ১৯ নভেম্বর পাহাড়তলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
এসআরবি-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. মোসলেহ উদ্দিন আহমদ জানান, মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হোসেনকে গ্রেফতার করে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

