হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) ও মো. মাইদুল ইসলাম (৩২)।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাজারীবাগের বউবাজার বালুরমাঠ এলাকা থেকে বিল্লালকে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাজিরবাগ এলাকা থেকে আফতাব আহমেদ আনন্দকে এবং রাত ৯টা ৩০ মিনিটে ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকা থেকে মো. মাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিল্লাল ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের গোসাইরহাট থানার চরমুনপুর এবং বর্তমান ঠিকানা হাজারীবাগের বউবাজার সাহেব আলীগলি। আনন্দ হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য। তার ঠিকানা মনেশ্বর রোড, বোরহানপুর, হাজারীবাগ। মাইদুলও একই থানা যুবলীগের সক্রিয় সদস্য। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কার্তিকপুর এবং বর্তমান ঠিকানা সিকদার রিয়েল স্টেট, হাজারীবাগ।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালুনগর গোল্ডেন সিটি নতুন রাস্তা দিয়ে একটি মোটরসাইকেলে দুইজন বেরিবাঁধের দিকে যাচ্ছিলেন। এ সময় হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের আটকানোর চেষ্টা করেন। একজন পালিয়ে গেলেও আফতাব আহমেদ আনন্দকে আটক করা হয়। পরে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় আনন্দ ছাত্রদের ওপর গুলি চালিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছেন।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই হাজারীবাগের সিকদার মেডিকেলের সামনে বেড়িবাঁধ সড়কে মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আগের একটি মামলায় তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

