অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে কৃষকদের।
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে পড়ে থাকা পাকা ও কাটা আমন ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
কৃষকেরা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে কৃষকদের।
তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এ বছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্বর্ণা-৫ জাতের ধান। এরপর রয়েছে ব্রি-৫১ জাতের ধান। এখন পর্যন্ত ৪০ শতাংশ ধান কাটা হয়েছে।
উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, কয়েক দিন আগে তার ছয় বিঘা জমির ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। এই ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। এই ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।
ভাবিচা গ্রামের কৃষক ক্ষুদু মহন্ত জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি ধান কেটেছেন। কিন্তু বৈরী আবহাওয়ায় কাটা ধান এখন পানিতে ভিজছে। সময়মতো ধান শুকাতে না পারলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই।
তিনি জানান, আগামীকাল রোববার আবহাওয়া স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

-6b016c18bebf5.jpg)