ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
এতে ৪০টি মোটরসাইকেল ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০টি মোটরসাইকেল ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইয়িত নগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য আজিজ, যুবদল নেতা মামুন সরওয়ার, কৃষক দল নেতা আকিব এবং ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসিসহ আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের বিরুদ্ধে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বিনাজুরি এলাকা হয়ে কিপাইয়িত নগরে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এতে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিছিলে থাকা যুবদল নেতা শেখ সুমন বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ছাত্রদল, যুবদল, কৃষকদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি কিপাইয়িত নগর এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ৪০টি মোটরসাইকেল ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, মিছিলে হামলার ঘটনা শুনেছি। এতে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

