পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
ফিলিপনগর এলাকার বাসিন্দা পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন। এরপর পরিবারের সদস্যের মতোই তার দেখাশোনা শুরু করেন।
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে এসেছিলেন নেপালি যুবক রিয়ান আনসারী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় অবশেষে পরিবারের কাছে ফিরছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগর থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান।
রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাদল আনসারীর ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় নেপাল দূতাবাস। বর্তমানে তার স্বজনেরা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানে আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে রিয়ান দৌলতপুরের বিভিন্ন এলাকায় পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়াতেন। এ সময় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। একপর্যায়ে ফিলিপনগর এলাকার বাসিন্দা পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন। এরপর পরিবারের সদস্যের মতোই তার দেখাশোনা শুরু করেন। চলতি বছরের জুলাইয়ে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান মেলে। এরপর থেকে স্বজনদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ চলছিল।
আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর ধরে রিয়ান তার কাছে ছিলেন। বর্তমানে তার বয়স আনুমানিক ৩০ বছর। পরিবারের সদস্যের মতোই তাকে আগলে রেখেছেন। শুরুতে ভাষা বুঝতে কষ্ট হলেও এখন তিনি কিছুটা বাংলা বলতে পারেন। জুলাইয়ে পরিবারের ফোন নম্বর পাওয়ার পর থেকে প্রতিদিন চার-পাঁচবার স্বজনদের সঙ্গে কথা বলতে চাইতেন রিয়ান।
পলাশ আহমেদ আরও বলেন, স্বজনদের কাছে ফিরতে পেরে রিয়ান খুব খুশি। বর্তমানে তিনি অনেকটাই স্বাভাবিক আচরণ করছেন। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনিও আনন্দিত। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে বিদায়বেলায় মন খারাপ লাগছে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা এসে রিয়ানকে নিয়ে গেছেন।
নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, সরকারি উদ্যোগে তাকে নিতে এসেছেন তারা। বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে।
দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার জানান, সরকারি সব নিয়ম অনুসরণ করেই ওই যুবককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘদিন পর রিয়ানের পরিবারের কাছে ফেরার খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি একজন অসহায় বিদেশি নাগরিককে বছরের পর বছর আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় পলাশ আহমেদের প্রশংসা করছেন এলাকাবাসী।

