বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
বিস্ফোরণস্থল পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়া শহরের মজমপুরে একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে রেললাইনের পাশে রুহুল আমিনের দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি ক্রেতা রুহুল আমিন।
স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুমন শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তায় ভরে ভাঙারি মালামাল রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন দুজনই আহত হন। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত দুজনকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা রাজন বলেন, জুমার নামাজ শেষে আমরা বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি সুমন ও রুহুল আহত অবস্থায় পড়ে আছেন। কিভাবে এমন বিস্ফোরণ ঘটেছে, তা বুঝতে পারিনি। তবে শব্দ শুনে মনে হয়েছে, শক্তিশালী কোনো বিস্ফোরক জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হাসান বলেন, বিকাল সোয়া ৩টার দিকে বোমা বিস্ফোরণে আহত হয়ে সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাম পায়ে গভীর জখম হয়েছে। অন্যদিকে, রুহুলের ডান পায়েও আঘাত রয়েছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি আহত দুজন সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনো বিস্ফোরক জড়িত ছিল কিনা- তা জানার চেষ্টা করছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, দুপুরের দিকে ওই ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সুমন নামে একজন বস্তাভর্তি ভাঙারি নিয়ে রুহুলের দোকানে আসেন। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

