ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২, পিস্তল উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হাসমত উল্লাহ জানান, গত ৯ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে।
ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেফতার করে গাজীপুর জেলা ডিবি পুলিশের একটি দল। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই দল গত শুক্রবার (২০ নভেম্বর) অপর এক অভিযানে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালায়। এ সময় বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ মো. রবিন আহম্মেদকে (২২) গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতা ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় সাতটি মামলা রয়েছে। অপর আসামি রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

