নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন
সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহণের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড অংশে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপর পাশে হঠাৎ চলন্ত মঞ্জিল পরিবহণের বাসটিতে আগুন ধরে যায়। তবে বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এতে কেউ হতাহত হননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনায় হাইওয়ে পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটি থেকে আগুন ধরেছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের ভাষ্য, যাত্রীর ছদ্মবেশে কোনো এক দুর্বৃত্ত আগুন দিয়েছে।
এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গাড়ির চালকের সঙ্গে কথা বলার পর তিনি আমাদের জানান, তার গাড়িতে দুজন মানুষ যাত্রীবেশে ওঠার কিছুক্ষণ পরই আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।
এ বিষয়ে বক্তব্যের জন্য শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিল এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েছেন বলে জেনেছেন। তবে অন্য কিছু নয়, আগুন ধরেছে যান্ত্রিক ত্রুটির কারণে।
