Logo
Logo
×
   

সারাদেশ

বোয়ালমারীতে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

বোয়ালমারীতে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইনামুল মোল্লাকে মঙ্গলবার দুপুরে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ইনামুল মোল্লার মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তার  মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইনামুল মোল্লার কর্মস্থল হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, গত দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে আমাকে ফোনে জানান- ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে। ইনামুল যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে কী ভূমিকা নেওয়া হবে। এ বিষয়টি আমার জানা নেই বলে ওই নারীর স্বামীকে জানানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কারো ব্যক্তিগত অপকর্ম বা খারাপ কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .