গাজীপুরের পূবাইলে শীর্ষ মাদক বিক্রেতা ইব্রাহিম ইয়াবাসহ আটক
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম
মাদকের পাইকারি বিক্রেতা ইব্রাহিম (ডানে), পাশে সজীব ও শান্ত
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর পূবাইলের পেশাদার ও শীর্ষ মাদক বিক্রেতা ইব্রাহিম দুই সহযোগীসহ আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূবাইল মেট্রো থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয়রা।পরে পূবাইল থানা পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়।
আটক ইব্রাহিম মিয়া স্থানীয় আলাল হোসেনের ছেলে। তার দুই সহযোগীর নাম সজীব ও জয়। এরা মাদক সিন্ডিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত।
ইব্রাহিম ইয়াবার পাইকারি ব্যবসায়ী হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। টঙ্গী ও গাজীপুরের মাদক সিন্ডিকেটের কাছ থেকে পাইকারি দরে ইয়াবা কিনে এনে এলাকায় সরবরাহ করে সে।
স্থানীয়রা জানায়, গত ১৭ জুলাই মাদক বেচাকেনা অবস্থায় এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে ইব্রাহিমসহ তিনজন। তখন তাদের পরিবার আর মাদক ব্যবসা করবে না এমন মুচলেকা দিয়ে পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এরপর আবারও সে মাদক ব্যবসা পুরোদমে শুরু করে। এলাকার তরুণ সমাজকে সে মাদকে আসক্ত করছে।
হায়দরাবাদ বায়তুন নূর জামে মসজিদ সমাজ, মৌলভীবাড়ী জামে মসজিদ সমাজ ও সিরাজুল ইসলাম জামে মসজিদ সমাজের অন্তত ২৫ জন বাসিন্দা প্রায় একই রকম তথ্য দিয়ে জানান, গত কিছুদিন ধরে হায়দরাবাদে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। প্রকাশ্যে ইয়াবা-গাজা বেচাকেনা চলছে।মাদকের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এখানে। হায়দরাবাদ মাদ্রাসা ও স্কুল রোডে মোটাদাগে তিনটি স্পটে প্রতিনিয়ত প্রকাশ্যে মাদক বেচাকেনা ও আড্ডা চলছে। সেগুলো হচ্ছে—নহরীর পাড় বায়তুন নূর জামে মসজিদ সড়ক হয়ে ইসমাইল হাজীর দান করা কবরস্থান, বারিধারা মহিলা সমবায় সমিতির ভিটা (মাজার রোড) এবং তছর উদ্দিনের (তছুর ভিটা নামে পরিচিত) ভিটাসহ পুকুরপাড়। এসব স্থানে দিন-রাত প্রকাশ্য মাদকাসক্তদের আড্ডা এবং মাদক বেচাকেনা চলছে।
শুধু তাই নয়; এসব স্থানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে মাদকাসক্তরা এসে ইয়াবাসহ মাদক কিনে নিয়ে যাচ্ছে। এই সড়ক ও আশপাশের বাড়িঘরে প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এলাকাবাসীর ধারণা মাদকাসক্তরাই এসব চুরিসহ অপরাধের সঙ্গে জড়িত। মসজিদের আশপাশে এ ধরনের অপরাধ না করতে মাদক বিক্রেতাদেরকে একাধিকবার মুসুল্লিদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তারা সতর্ক না হয়ে উল্টো মুসুল্লিসহ সমাজবাসীকে তাদের অপরাধে বাধা হয়ে না দাঁড়াতে নানা হুমকি দিচ্ছে। মাদকাসক্তদের দৌরাত্মে এলাকাবাসী বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার উপপরিদর্শক রুহুল আমিন। তিনি জানান, মাদক বিক্রেতা ইব্রাহিম, শান্ত ও সজীবকে ইয়াবা ও মাদকের সরঞ্জামাদিসহ আটক করে থানায় আনা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার ওসি আতিকুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। পূবাইলে মাদকের বিস্তার রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

