আদালত থেকে ব্যবসায়ীকে অপহরণ মামলার আসামি রিমান্ডে, কনটেন্ট ক্রিয়েটর পলাতক
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম
কামাল সরকার
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের মামলার অন্যতম হোতা কামাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী মডেল থানা পুলিশ মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ঘটনার মূল হোতা নরসিংদীর আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও হানি ট্র্যাপ চক্রের সদস্য মাসুদ রানা বাবুল।
গ্রেফতারকৃত কামাল সরকার (৪৯) হাজিপুর চকপাড়া এলাকার সামাদ সরকার ছেলে। এর আগে নরসিংদীর বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) ও ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়াকে (৩৮) গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করে আদালতের বিচারক।
আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে লিখন তালুকদার (৩৫) একটি চেকের মামলায় নরসিংদী আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালত বের হওয়ার পর এজাহারনামীয় আসামি মাসুদ রানা বাবুল, কামাল সরকারসহ অন্য আসামিরা লিখনকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয়। পরে স্ত্রীকে ফোনের লাইনে রেখে মারপিট করে মুক্তিপণ হিসেবে এক লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক মামলার অধিকতর তদন্তের স্বার্থে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলায় ইনসান মিয়া (৪০) ও শরিফ মিয়া নামে আরও দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
