Logo
Logo
×
   

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

Icon

পাথরঘাটা ও বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

খবর শুনে শোকের ছায়া নেমে আসে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে।

বৈরী আবহাওয়া ও সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এফবি বরকত’ নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) গভীর সাগরে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ সাইফুল মীরের লাশ পাওয়া যায়। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চার জেলে।

নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে দুটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। প্রায় ১২ ঘণ্টা অভিযান চালানোর পর একটি লাশ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারটি তীরে নিয়ে আসা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আশরাফের ভাই ও পাথরঘাটা পৌর পানি সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। গভীর সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইফুল মীরের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে সোমবার বিকালে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ‘এফবি বরকত’ ট্রলারটি বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম