Logo
Logo
×
   

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ৩

Icon

‎ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ৩

‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রুমন আলী নামে এক অটোচালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর একটি আখখেত থেকে গতকাল রাতে উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত মৃতদেহ।

‎নিহত রুমন উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা। হত্যা রহস্য উদঘাটনের পর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

‎আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। 

‎পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ২৩ বছর বয়সি রুমন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ জিডি করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের তথ্য। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশা উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রুমনকে হত্যা করা হয়। পরে তার অটোরিকশাটি এক লাখ ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ৭০ হাজার টাকায় উমর ফারুকের কাছে বিক্রি করা হয়েছিল।

‎পরে ওয়াসিমের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার (২৬ আগস্ট) রাতে পুটিমারী বিলের একটি আখখেত থেকে রুমনের ক্ষতবিক্ষত ও গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। পরনের পোশাক, বেল্ট, স্যান্ডেল ও মোবাইল দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী।

‎গ্রেফতার তিনজন হলেন- ওয়াসিম, রফিকুল আলম ও উমর ফারুক। তাদের কাছ থেকে অটোরিকশা, হত্যায় ব্যবহৃত হাঁসুয়া, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

‎মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে প্রেস কনফারেন্সে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম