Logo
Logo
×
   

সারাদেশ

কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেম ও বিয়েতে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্নভাবে হয়রানি করতেন রবিন মিয়া নামে এক যুবক। এতেও কাজ না হওয়ায় ওই কলেজছাত্রীর বাবাকে প্রাণনাশের হুমকি ও তাদের বাড়িতে লোহার রড নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় রবিন মিয়াকে (২৪) আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক রবিন মিয়া উপজেলার মসুয়া ইউনিয়নের মসুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।

বুধবার বিকালে উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে ওই কলেজছাত্রীর বাবাকে প্রাণনাশের হুমকি ও বাড়িতে লোহার রড নিয়ে হামলা করলে এলাকাবাসী তাকে আটক করেন। এ সময় মেয়েটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন মিয়াকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিন মিয়া দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি বিভিন্নভাবে মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। ছাত্রীটির কলেজে গিয়েও তাকে বিরক্ত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

মেয়েটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এর আগে রবিনকে ডেকে সতর্ক করার পরও হয়রানি বন্ধ করেনি। মোবাইল ফোনে মেয়েটি, তার বাবা-মা ও ভাইকে হত্যার হুমকি দেয়। সর্বশেষ বুধবার বিকালে লোহার রড নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে হামলা ও গালিগালাজ করেন এবং তার ছোট ভাইকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেন।

মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য রবিন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। মেয়ের কলেজে গিয়েও তাকে বিরক্ত করত। ফেসবুকে মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট করত। পুলিশকে জানিয়েও কোনো পরিবর্তন হয়নি। উল্টো আমাদের সবাইকে হত্যার হুমকি দিয়েছে। বুধবার হকিস্টিক নিয়ে বাড়িতে হামলা করলে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, কলেজপড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রবিন মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম