প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা চরহোগলা গ্রামে দুই বখাটে যুবক এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং করার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার বিকালে ভুক্তভোগী ওই গৃহবধূ সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বখাটেরা হলেন- চরহোগলা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫) ও একই এলাকার আসলাম ফকিরের ছেলে মো. ইব্রাহিম খলিল (৩০)।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চরহোগলা গ্রামে বসবাসরত ভুক্তভোগীর স্বামী চাকরির সুবাদে প্রায় দেড় বছর যাবত বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে অভিযুক্ত বখাটে মো. ইয়ামিন ও মো. ইব্রাহিম খলিল ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছিলেন। এতে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত বখাটেরা ওই নারীর বসতঘরে জোরপূর্বক প্রবেশ করেন। পরে বখাটে ইয়ামিন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
ইব্রাহিম খলিল এ সময় তার মোবাইল ফোনে ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করেন। এ ঘটনার পর ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে ইয়ামিন তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান ও গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করেন। এতে গৃহবধূ রাজি না হওয়ায় ইয়ামিন তাকে মারধর করেন ও পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তিনি বর্তমানে তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারিক জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
