ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহবিরোধী মানববন্ধন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদয় ফাউন্ডেশনের আয়োজনে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলদিয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সভাপতি রফিকুল ইসলাম, বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম এবং মাদরাসার সুপার আব্দুল আউয়ালসহ অনেকে।
বক্তারা এ আয়োজনের জন্য বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের প্রশংসা করেন।
মানববন্ধনে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, যুবসমাজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সীমান্তঘেঁষা এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় বক্তারা মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
