Logo
Logo
×
   

সারাদেশ

কৃষক দল কর্মীর হুমকি

‘আ.লীগের কেউ ব্যবসা করতে পারবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

‘আ.লীগের কেউ ব্যবসা করতে পারবে না’

ফাইল ছবি

‘আওয়ামী লীগের কেউ ব্যবসা করতে পারবে না, ব্যবসার লাইসেন্স থাকুক আর না থাকুক’- এমন বক্তব্যের একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গাজীপুরে এক ব্যবসায়ীকে কৃষক দলের এক কর্মীর হুমকির ওই কলরেকর্ড ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না এবং প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগের লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। 

এ ঘটনায় মঙ্গলবার বাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। অভিযোগে কৃষক দলের কর্মী তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তরিকুল গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার মো. জহুর উদ্দিনের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সাজ্জাদ ‘এডভান্স নেটওয়ার্ক সিস্টেম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বাসন থানা এলাকায় ইন্টারনেট ব্যবসার জন্য তার বিটিআরসির লাইসেন্স রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রায় দুমাস ধরে তরিকুলসহ কয়েকজন তার ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন। একপর্যায়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়।  

সোমবার রাতে তরিকুল ফোন করে আবারও চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে প্রতিষ্ঠানের সব ইন্টারনেট লাইন কেটে দেওয়ার হুমকি দেন। ফোনালাপে তিনি আওয়ামী লীগ আমলে ব্যবসা করতে না পারার প্রসঙ্গও তোলেন। 

এর পরদিন তেঁতুলতলা এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে কর্মচারীদের পাঠান সাজ্জাদ। তারা বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানের অপটিক্যাল কেবল কাটা অবস্থায় দেখতে পান। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

তরিকুল ফোনে ওই কথাগুলো বলার কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে দাবি করেন। 

বাসন থানার এসআই মো. শিবলু মিয়া বলেন, হুমকি ও তার কাটার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম