সিলিন্ডার থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- শফি আলম ও আবদুর রহিম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাতে কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এর দুই আরোহী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরের একপাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

-6a9acd00b66c5.jpg)