মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বিকে (২২) গ্রেফতার করেছে এসআরবি-২।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ আধিপত্য বিস্তার, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি নিয়ে দলবদ্ধভাবে শক্তির মহড়া দিতেন। তারা পথচারীদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ২৩ অক্টোবর মিঠু মিয়া (২০) নামে গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি মোহাম্মদপুর থানায় দ্রুত বিচার আইনে করা হয়।
এসআরবি-২ জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু হয়।
এর ধারাবাহিকতায় শনিবার রায়েরবাজার থেকে মামলার তিন নম্বর আসামি পলাশ এবং বোটঘাট থেকে চার নম্বর আসামি তোতা মিয়া ওরফে রাব্বিকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাব্বির বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা রয়েছে। পলাশের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দস্যুতা, গুরুতর আঘাত ও হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
