রূপগঞ্জে গুলিভর্তি পিস্তলসহ আটক ৪
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদককারবারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই চারজনকে আটক করা হয়।
রাত পৌনে ৯টায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন—নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদককারবারির আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েক দিন পরপরই তারা নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়াসহ ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নবী গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

-6a9b019b653f1.jpg)