টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রেখে বিক্রি করতেন মুদি দোকানি
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রেখে বিক্রি করতেন মুদি দোকানি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির অভিযোগে হক মিয়া (৫০) নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। মাথার টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রেখে বিক্রি করতেন তিনি। অভিযান চালিয়ে তার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদসংলগ্ন তার মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হক মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দোকানে বসেই কৌশলে ইয়াবা বিক্রি করছেন তিনি। পরে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে তল্লাশি চালালে মাথার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হক মিয়ার মুদি দোকানটি মাদক ব্যবসার আড়াল হিসেবে ব্যবহৃত হতো বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি কৌশলে টুপির ভেতর ইয়াবা রেখে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হক মিয়াকে আটক করে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
